প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটি এবং তার সহযোগী সংগঠনের সাত নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। এর আগে গত ১৮ আগস্ট আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।
মামলার আসামিদের মধ্যে ওবায়দুল কাদের ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশও চাওয়া হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, জুলাইয়ের আন্দোলন দমনে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল। মামলার নথিতে থাকা বিভিন্ন অডিও ও ভিডিওতে এসব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালানো হয় এবং এতে বহু মানুষ নিহত হন।
এখন মঙ্গলবারের রায়ের মধ্য দিয়ে আলোচিত এই মামলায় ট্রাইব্যুনালের সিদ্ধান্ত জানা যাবে।
মন্তব্য করুন