প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে চারজন মারা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। একই সময়ে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ১২৪ জন।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১১৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৩০ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে হামের উপসর্গে মৃত্যু এবং নিশ্চিত হামে মৃত্যুর তথ্য পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন