বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৪:১৯ পিএম

অনলাইন সংস্করণ

অভিনয় ছাড়তে ই-মেইল পাঠিয়েছিলেন সামান্থা! রাজের বিশ্বাসে যেভাবে ফিরলেন পর্দায়

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আগামী বছর বিনোদন অঙ্গনে পার করতে চলেছেন দুই দশক। তবে দীর্ঘ এই পথচলায় একপর্যায়ে মরণব্যাধি ও জটিল শারীরিক অসুস্থতার কারণে চিরতরে অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এর সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় নিজের সেই কঠিন দিনগুলো এবং ফের অভিনয়ে ফেরার গল্প শোনালেন এই অভিনেত্রী।

২০২২ সালে অটোইমিউন রোগ ‘মায়োসাইটিস’-এ আক্রান্ত হন সামান্থা, যার ফলে তাঁর শরীরে পেশির মারাত্মক দুর্বলতা ও নানা শারীরিক জটিলতা দেখা দেয়। এই রোগের ধকল সামলাতে এক বছরের বিরতি নিয়ে চিকিৎসকদের পরামর্শে নিজেকে সময় দেন এবং কয়েকটি ব্যবসায় বিনিয়োগ করে নিজেকে 'সিরিয়াল উদ্যোক্তা' হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। এ সময় ‘সিটাডেল’ সিরিজের শুটিং চলার কথা থাকলেও অসুস্থতার কারণে টিমকে অপেক্ষায় না রেখে ই-মেইল পাঠিয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি। প্রযোজক হিসেবে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমা বানিয়ে ক্যামেরার পেছনে থাকার পরিকল্পনা করেছিলেন তিনি।

তবে সামান্থাকে কোনোভাবেই অভিনয় ক্যারিয়ার থেকে সরে যেতে দেননি তাঁর বর্তমান স্বামী, প্রযোজক ও পরিচালক রাজ নিদিমোরু। সামান্থা জানান, নিজের চেয়েও রাজ তাঁর ওপর বেশি বিশ্বাস রাখতেন এবং সেটে রাজের সার্বক্ষণিক উপস্থিতিই তাঁকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়। পরবর্তীতে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমাটিতে সাই পল্লবী অভিনয় করতে না পারায় গল্পের সম্ভাবনা বিবেচনা করে সামান্থা নিজেই পর্দায় ফেরেন।

সব সংশয় ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাজের অনুপ্রেরণায় আবার আলোর মুখ দেখেন সামান্থা। উল্লেখ্য, দীর্ঘদিন শারীরিক ও মানসিক নানা চড়াই-উতরাই পেরিয়ে গত ২০২৫ সালের ডিসেম্বরে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

 

মন্তব্য করুন