প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে সুয়িচুয়ান কাউন্টির স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে এ ভয়াবহ বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, জিয়াংশি প্রদেশের সুয়িচুয়ান কাউন্টিতে গত কয়েক দিন ধরে অবিরাম ও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলগুলোতে কাদাধস ও ভূমিধসসহ একাধিক বিপজ্জনক ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দিয়েছে, যার বলি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক কয়েক মাস ধরে চীনের ওই অঞ্চলে আঘাত হানা একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে।
পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় এলাকাটি খালি করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা প্রদানের পাশাপাশি ভূমিধসের আশঙ্কায় থাকা নতুন এলাকাগুলো নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন