প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ
রতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের চেয়ে দেশটির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বাংলাদেশ সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কূটনৈতিক অবস্থানের কথা পরিষ্কার করেন।
ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মূলত ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আলোচনাকে বেশি প্রাধ্যান্য দিচ্ছে। দুই দেশের মাঝে যখন কূটনৈতিক পরিবেশ শতভাগ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, ঠিক তখনই এই দ্বিপাক্ষিক সফরটি বাস্তবায়িত হবে। এতে কোনো ধরনের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন ও ভারতীয় সংবাদমাধ্যমের খবর সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, জাতীয় স্বার্থের বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। আনন্দবাজার পত্রিকা কে কী লিখল বা বলল, তাতে বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলাদেশ সব সময় নিজের দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের কথাই সবার আগে ভাববে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ দক্ষতা ও গুরুত্বের সঙ্গে কাজ করে যাবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ও পরবর্তীতে প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় পুরোদমে কাজ চালাচ্ছে। উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন