বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:২৩ এ এম

অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড ছাড়াল ৯৭ ডলার

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়া এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার তীব্র আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। বিশ্বজুড়ে অপরিশোধিত তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন উদ্বেগে বাজারে বাড়তি ‘ঝুঁকির প্রিমিয়াম’ যোগ করছেন আন্তর্জাতিক ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, গ্রিনিচ মান সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৭.৩৪ ডলারে দাঁড়িয়েছে। যা গত ২৪ জুলাইয়ের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দর।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.১৫ ডলার বা ১.২৬ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই অপরিশোধিত তেল এখন ৯২.৬৩ ডলারে বিক্রি হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানের স্থাপনা বা সম্পদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে তার কড়া পালটা জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। একই সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে শুরু হওয়া সামরিক উত্তেজনা ও ট্যাংকার যুদ্ধের শঙ্কা বৈশ্বিক তেল বাজারকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান তেলের রুটগুলোতে সরবরাহ ব্যাহত হওয়ার ভয়ে লাগামহীনভাবে বাড়ছে দাম।

 

মন্তব্য করুন