প্রকাশিত: ৪৫ মিনিট আগে, ১১:৪৯ এ এম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি ‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ এবং ‘পিটিশন কমিটি’—এই দুটি কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের মোট চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটি গঠন করা হয়। সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে স্পিকার পিটিশন কমিটি গঠন ও প্রস্তাবসমূহ নীতিগতভাবে অনুমোদন করেন।
কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী গঠিত ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে। এই কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।
অন্যদিকে, নাগরিকদের পেশ করা নানা আবেদন ও পিটিশন পর্যালোচনার লক্ষ্যে ২৩১ ও ২৩২ বিধি মেনে ১০ সদস্যের পিটিশন কমিটি গঠিত হয়েছে। স্পিকারের সভাপতিত্বে গঠিত এই কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।
এ ছাড়া একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ এবং ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন