তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান

কুমিল্লায় একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে পুনরায় বিচারিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানী বেঞ্চে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ পরিচালনা শুরু করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্টের প্রকাশিত হাইকোর্ট বিভাগের বিচারিক বেঞ্চের নতুন কার্যতালিকায় (কজ লিস্ট) বিচারপতি মো. আব্দুল মান্নানের নাম ও তাঁর বিচারিক এখতিয়ারের উল্লেখ পাওয়া গেছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় অভিযুক্ত হন বিচারপতি মো. আব্দুল মান্নান। গত ৩ এপ্রিল আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি নিজ পদ পরিচয় ব্যবহার করে হুমকি ও বাগবিতণ্ডায় জড়ান বলে অভিযোগ ওঠে। উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি গঠিত ৬৩টি হাইকোর্ট বেঞ্চ থেকে তাঁকে বাদ দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁকে বিচারকাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান মো. আব্দুল মান্নান। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে উন্নীত হওয়ার পূর্বে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ আলোচনা ও বিচারিক পর্যালোচনার পর সেপ্টেম্বর মাসের শুরুতেই তাঁকে পুনরায় বেঞ্চের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলো।

 

মন্তব্য করুন