প্রকাশিত: ১৬ মিনিট আগে, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি আরবের মক্কা অঞ্চলসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। ভারী বৃষ্টিপাত এবং এর ফলে আকস্মিক বন্যার প্রবল আশঙ্কায় এই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মক্কার তায়েফ, আল কামিল, আদহাম ও এর আশপাশের এলাকাগুলোতে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং প্রবল বাতাস বয়ে যেতে পারে। এই বৈরী আবহাওয়ার কারণে আকস্মিক বন্যা এবং ধুলা ও বালুঝড় তৈরির প্রবল আশঙ্কা রয়েছে।
পবিত্র নগরী মক্কা ছাড়াও জাজান, আসির, আল বাহা এবং মদিনার বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
সৌদির আবহাওয়া কেন্দ্র আরও জানায়, দেশটির উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশে সক্রিয় বাতাসসহ বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে। একই সঙ্গে পূর্ব সৌদির উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা চলাচলের ক্ষেত্রে দৃষ্টিসীমা অনেকটাই কমিয়ে দিতে পারে।
ঝড়-বৃষ্টির এই সতর্কতার আবহেই দেশের বিভিন্ন স্থানে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। বৈরী আবহাওয়ার মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করবে এবং মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
মন্তব্য করুন