প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ফেনীর সোনাগাজীতে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আদালতের এই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা শিরিন আক্তার।
সোমবার দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
আদালতে মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম। এছাড়া বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে অন্য ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১০ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পরপরই ফেনীর সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়ায় নুসরাতদের গ্রামের বাড়িতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তার মা শিরিন আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার মেয়েকে হত্যা করা হয়েছে। সিরাজ উদদৌলার জন্য আমার মেয়েকে হারিয়েছি। আজ আমি এ রায়ে সন্তুষ্ট। আমার মেয়ের আত্মার শান্তি পেয়েছে।" এ সময় পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি সরকারের কাছে নিরাপত্তা কামনা করেন।
মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান জানান, তারা শুরু থেকেই ন্যায়বিচার প্রত্যাশা করেছিলেন। তবে নিম্ন আদালতের রায়ের পর থেকে আসামিদের স্বজনদের পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হুমকি এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পরিবারের নিরাপত্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম জানান, রায়ের পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিহতের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন