প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
দরজার হাতলের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির কারণে চীন থেকে রেকর্ড ৪৩ লাখ বৈদ্যুতিক গাড়ি বাজার থেকে ফেরত (রিকল) নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইলন মাস্কের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং চীনের আরও আটটি শীর্ষ স্থানীয় বৈদ্যুতিক গাড়ি উৎপাদক যৌথভাবে এই বিপুলসংখ্যক গাড়ি ফেরত আনবে। এটিকে চীনের মোটরযান শিল্পের ইতিহাসে সর্ববৃহৎ গাড়ি প্রত্যাহারের ঘটনা হিসেবে গণ্য করা হচ্ছে।
চীনের শীর্ষ বাজার নিয়ন্ত্রক সংস্থা জানায়, বাইরে থেকে দেখতে মসৃণ ও গাড়ির কাঠামোর সঙ্গে মিশে থাকা 'রিট্র্যাকটেবল ডোর হ্যান্ডেল' বা লুকানো দরজার হাতল প্রযুক্তির কারণে এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে অনেক সময় দরজার এসব ইলেকট্রনিক হাতল অকার্যকর হয়ে পড়ে, যা দ্রুততম সময়ে উদ্ধারকাজ চালানো বা যাত্রীদের গাড়ি থেকে বের হতে মারাত্মক বাধা সৃষ্টি করে।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে টেসলা একাই প্রায় ৩০ লাখ গাড়ি ফেরত আনবে। এ ছাড়া গিলি, ডংফেং, শাওমি, চেরি, বেইজিং অটোমোটিভ, ফার্স্ট অটো ওয়ার্কস, লিপমোটর ও এক্সপেং যৌথভাবে বাকি ১৩ লাখের মতো গাড়ি বাজার থেকে ফিরিয়ে নেবে। ফেরত নেওয়া গাড়িগুলোতে দরজার ম্যানুয়াল লিভারের অবস্থান স্পষ্ট করে স্টিকার লাগানো হবে এবং সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে দুর্ঘটনার পরপরই জানালায় স্বয়ংক্রিয় উন্মুক্তকরণ ব্যবস্থা যুক্ত করা হবে।
অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, রিট্র্যাকটেবল ডোর হ্যান্ডেল মূলত ১২ ভোল্টের আলাদা ব্যাটারি ও ইলেকট্রনিক সংকেতের ওপর নির্ভরশীল। সংঘর্ষের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এসব হাতল আর বের হয়ে আসে না। এতে ভেতরে ম্যানুয়াল লিভার থাকলেও জরুরি মুহূর্তে যাত্রীরা তা সহজে খুঁজে পান না। এমন কয়েকটি দুর্ঘটনার প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারিতে চীনের নিয়ন্ত্রক সংস্থা আগামী বছর থেকে নতুন গাড়িতে এই ধরনের সম্পূর্ণ প্রচ্ছন্ন হাতল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ির বাজার হিসেবে চীনের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বৈশ্বিক অটোমোবাইল শিল্পে নতুন মানদণ্ড তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, শুধু চীন নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন (NHTSA) দরজার হাতল সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার কাজ শুরু করেছে।
মন্তব্য করুন