তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৯ আগষ্ট, ২০২৬, ০৪:৫১ পিএম

অনলাইন সংস্করণ

একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত।

বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকছে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা, বাকি অর্থের জোগান আসবে প্রকল্প ঋণ থেকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে সভায়, ‘ঢাকা মেডিক্যাল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ এবং ‘১০টি মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী।

এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু রক্ষণাবেক্ষণে স্মার্ট প্রযুক্তি বিষয়ক সক্ষমতা উন্নয়নের একটি প্রকল্পও পাস হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প—লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকার উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ—অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ’ প্রকল্পও পাস হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ’ প্রকল্পের তৃতীয় সংশোধনীও অনুমোদিত হয়েছে সভায়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দ্বিতীয় সংশোধনী এবং ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণের প্রথম সংশোধনী, ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনঅনুমোদন পেয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পটিও পাস হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী একনেককে অবগত করেন ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের নয়টি প্রকল্প সম্পর্কে। এসবের মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন ও ভ্যাকসিন-বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্পের প্রথম সংশোধনী, সুন্দরবন সুরক্ষা প্রকল্প, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণের দ্বিতীয় সংশোধনী, গুলশানে ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ, ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ বিতরণ উন্নয়নের দ্বিতীয় সংশোধনী, মসজিদ পাঠাগার সম্প্রসারণের চতুর্থ পর্যায় এবং তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের নিউ মিডিয়া ব্যবহার সংক্রান্ত প্রকল্প।

মন্তব্য করুন