প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিনেত্রী রুক্মিণী বসন্ত-কে নিয়ে ভুয়া ও বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে ভারতের বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। অনুমতি ছাড়া এসব কনটেন্ট অনলাইনে ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন— বাগলকোট জেলার রবিকুমার (২৪), শিবমোগার বাসিন্দা চন্দ্রকান্ত (৩৩) এবং বেঙ্গালুরুর রঞ্জিত (২৫)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ, যেগুলো ব্যবহার করে এআই-জেনারেটেড কনটেন্ট তৈরি ও প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
কন্নড় চলচ্চিত্রের উদীয়মান তারকা রুক্মিণী বসন্ত ‘সপ্ত সাগরাদাঁচে এল্লো’ ও ‘কান্তারা: চ্যাপ্টার ১’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর নামে বিকৃত কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয় এবং সেগুলো একটি চলচ্চিত্রের দৃশ্য বলে মিথ্যা দাবি করা হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযোগে অভিনেত্রী উল্লেখ করেন, এসব কনটেন্ট অত্যন্ত মানহানিকর এবং তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক সুস্থতার ওপর গুরুতর প্রভাব ফেলেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে রুক্মিণী বসন্ত লিখেছিলেন, ‘আমার এবং আমার টিমের নজরে এসেছে যে আমার নামে কিছু এআই-জেনারেটেড ছবি অনলাইনে ছড়ানো হচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এই ছবিগুলো সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও সাইবার ক্রাইম পদক্ষেপ নিচ্ছি।’
পুলিশ জানায়, অভিযুক্তদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে রুক্মিণী বসন্তের হাতে একাধিক বড় বাজেটের চলচ্চিত্র রয়েছে। তাকে সুপারস্টার যশের বিপরীতে ‘টক্সিক’ এবং জুনিয়র এনটিআরের সঙ্গে প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ সিনেমায় দেখা যাবে। এছাড়া ধানুশের ‘ডি৫৬’ চলচ্চিত্রেও তাঁর অভিনয়ের কথা রয়েছে।
মন্তব্য করুন