বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৪:১৬ পিএম

অনলাইন সংস্করণ

‘স্ত্রী’ দাবিকে ভিত্তিহীন বললেন ইয়ামিন হক ববি, মানহানিকর সংবাদে ক্ষোভ

ছবি: সংগৃহীত

ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ হিসেবে নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। তিনি এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

রাজধানীর গুলশান থানা পুলিশ প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে গ্রেফতার করার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, চাকরি দেওয়ার প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শনিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আল আমিন হোসাইন এ তথ্য জানান।

এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, গ্রেফতার ওই ব্যবসায়ী অভিনেত্রী ইয়ামিন হক ববির স্বামী। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে শনিবার রাতেই নিজের ফেসবুক বিবৃতিতে এর প্রতিবাদ জানান অভিনেত্রী।

বিবৃতিতে ইয়ামিন হক ববি লিখেছেন— “শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।”

তিনি আরও বলেন, “মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।”

ব্যক্তিগত জীবনের বিষয়ে স্পষ্ট করে অভিনেত্রী বলেন, “আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।”

উল্লেখ্য, অভিনেত্রী ইয়ামিন হক ববিকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ সিনেমায়, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান।

মন্তব্য করুন