প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক উপসর্গে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯২ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৮ জুন) অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৯২ জন। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে এবং একজনের মৃত্যু নিশ্চিত হামে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। একই সময়ে সন্দেহজনক হামে মারা গেছে ৫৩৬ শিশু এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৩ জন। আর ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ২৩৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ হাজার ২৭৮ জন।
বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি, নইলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
মন্তব্য করুন