প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে এই কর্মশালা শুরু হয়।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন। প্রবন্ধে বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র সংসদ আন্দোলন, কারিগরি শিক্ষার অভাব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, 'শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন বলেন, " বর্তমান বিশ্বায়ন ও ডিজিটাল যুগে চলচ্চিত্র শিক্ষা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সচেতনতা এবং জাতীয় পরিচয় নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। "
মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও দক্ষ মানবসম্পদের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে শিল্পটি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।
কর্মশালায় অংশগ্রহণকারী ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাহিমা রহমান নিধী বলেন, " আমাদের এই ধরনের ওয়ার্কশপ হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আমাদের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের বেশিরভাগ কাজই প্রাকটিক্যাল, তাই এই ধরনের ওয়ার্কশপ আমাদের আরও প্রয়োজন। "
মন্তব্য করুন