প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রূপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অপু সাহা।
সংগঠনটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী হবে।
সংগঠন সূত্রে জানা যায়, অরাজনৈতিক, মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’-এর অঙ্গসংগঠন হিসেবে কাজ করে আসছে এই ছাত্র সংগঠনটি। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি রূপ কুমার সরকার বলেন, “আমাদের সংগঠনটি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে নয়, বরং সামগ্রিকভাবে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা যেকোনো প্রান্তে নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অপু সাহা তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সাংগঠনিক শক্তির মেলবন্ধনে তরুণ সমাজকে ইতিবাচক নেতৃত্বে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবে। বিশেষ করে মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, নতুন এই নেতৃত্বের হাত ধরে সংগঠনটি দেশব্যাপী আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
###
মন্তব্য করুন