তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬, ১১:০৫ এ এম

অনলাইন সংস্করণ

দুবাইয়ে আটকে থাকা ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিচালিত একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক সহায়তার অংশ হিসেবে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিভিন্ন ফ্লাইট স্থগিত হওয়ায় এসব বাংলাদেশি দুবাইয়ে আটকা পড়েছিলেন।

ফেরত আসা যাত্রীদের অনেকের স্বজন ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটের খবর পেয়ে গভীর রাতেই বিমানবন্দরে এসে অপেক্ষা করেন। কেউ কেউ সেখানেই সেহরি সারেন।

বিমান অবতরণের পর প্রিয়জনদের নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন