বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

হিন্দি বলতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার সাই পল্লবী

ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার প্রশংসার বদলে বিতর্কের কেন্দ্রে। নিতেশ তিওয়ারী পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে তাঁর অভিনয়ের ঘোষণা আগেই আলোচনা তৈরি করেছিল। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে হিন্দি বলতে গিয়ে তাঁর অস্বস্তিই এখন রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে।

‘এক দিন’ ছবির প্রচারে মুম্বাইয়ে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামের এক সংগীতানুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী। আমির খান প্রযোজিত এ ছবিতে জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। অনুষ্ঠানে অতিথি ও সংবাদকর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করছিলেন এই অভিনেত্রী। কিন্তু সাবলীল হতে না পেরে একপর্যায়ে হাসিমুখে স্বীকার করেন, তাঁর হিন্দি খুব ভালো নয়।

এই স্বীকারোক্তি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং শুরু হয় ট্রলিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, রামায়ণের মতো মহাকাব্যিক কাহিনিতে সীতার চরিত্রে কেন এমন একজনকে নেওয়া হলো, যিনি সাধারণ হিন্দি বলতেই হিমশিম খান। কেউ কেউ ধারণা করছেন, ছবির হিন্দি সংস্করণে হয়তো তাঁর কণ্ঠ ডাব করা হবে।

তবে সমালোচনার বিপরীত স্রোতও বইছে। সাই পল্লবীর সমর্থকেরা বলছেন, ভাষাগত সীমাবদ্ধতা ভারতীয় চলচ্চিত্রে নতুন কিছু নয়। ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজের উদাহরণ টেনে তাঁরা বলছেন, শুরুর দিকে তাঁরাও হিন্দি বলতে পারতেন না, তবু বলিউডে সফল হয়েছেন। সাই পল্লবীর ক্ষেত্রেও তা-ই হতে পারে বলে মনে করছেন ভক্তরা। আগামী ১ মে ‘এক দিন’ মুক্তির অপেক্ষায় থাকলেও আপাতত ‘রামায়ণ’ এবং সাই পল্লবীর হিন্দি দক্ষতাই আড্ডার কেন্দ্রবিন্দু।

মন্তব্য করুন