তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:০৮ পিএম

অনলাইন সংস্করণ

বন্ধ বিমানবন্দর চালুর সম্ভাবনা যাচাইয়ে সরকারের উদ্যোগ

ছবি: সংগৃহীত

দেশে বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে বিস্তারিত সমীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে মোট ১৭টি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল, শাহ আমানত ও ওসমানী—এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৈয়দপুর, শাহ মখদুম (রাজশাহী), যশোর, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালী—এই ছয়টি এসটিওএল বিমানবন্দর বর্তমানে বন্ধ বা কম ব্যবহৃত অবস্থায় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কুমিল্লা বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট না থাকলেও এটি বিদেশি উড়োজাহাজের নেভিগেশন সেবা দিয়ে চলেছে। ঢাকার তেজগাঁও বিমানবন্দর যাত্রীসেবা বন্ধ রেখে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করছে।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের আলোকে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ উন্নয়নের মাধ্যমে বিভাগীয় ও জেলা শহরগুলোকে ধাপে ধাপে আকাশপথে সংযুক্ত করে একটি জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। জনচাহিদার ভিত্তিতে স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বগুড়া বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

উদ্যোগটি বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

মন্তব্য করুন