বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বার, ২০২৬, ১১:১৪ এ এম

অনলাইন সংস্করণ

হঠাৎ বিয়ের সাজে ফারিণ, তাকে ঘিরে তিন তরুণ

বিয়ের সাজে হাতে পিস্তল নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁকে ঘিরে রয়েছেন তিন তরুণ। এমন অদ্ভুত সাজ ও রহস্যময় উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এটি বাস্তব কোনো ঘটনা নয়; চরকি অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র নতুন লুক।

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি ওটিটি প্ল্যাটফর্ম চরকি। মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কয়েকটি ছবি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

সিরিজটিতে ফারিণের সঙ্গে অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। পরিচালনা করছেন ইমরাউল রাফাত এবং চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে আরও রয়েছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ওটিটিতে ডার্ক থ্রিলার ও রহস্যনির্ভর গল্পের প্রচলন থাকলেও ডার্ক কমেডি তুলনামূলক কম দেখা যায়। দর্শকদের নতুন ধরনের বিনোদন দিতেই এ ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে চরকি।

তিনি বলেন, ‘চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছে। আমার বিশ্বাস, ছকভাঙা এ সিরিজটিও দর্শকদের নতুন রকমের আনন্দ দেবে।’

সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। নিজের চরিত্র সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক অন্ধকার দিক আছে। সিরিজে আগে কখনো কমেডি করিনি, এবারই প্রথম।’

গল্পটি বেছে নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শতাাাাাারাও নতুন স্বাদ পাবেন। আমার জন্যও এটি নতুন অভিজ্ঞতা।’

সিরিজের ঘোষণার ছবিতে হাতে বন্দুক নিয়ে দেখা গেছে এরফান মৃধা শিবলুকে। তবে ছবি দেখে তাঁর চরিত্র সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে মনে করেন এই অভিনেতা ও সংগীতশিল্পী।

শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নেই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা একেক সময় একেক রকম।’

গল্পে পারিবারিক সম্পর্কের বিষয়টিও ভালো লেগেছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে একটি পরিবারের গল্প আছে। বিষয়টি আমার বিশেষ ভালো লেগেছে।’

অন্যদিকে পার্থ শেখের জন্যও সিরিজটি নতুন ধরনের অভিনয়ের সুযোগ তৈরি করেছে। চরিত্রটির মনস্তত্ত্ব ও পরিস্থিতি নিয়ে কাজ করছেন তিনি। পার্থ বলেন, ‘চরিত্রের এমন কিছু স্তর আছে, যা আগে কখনো অভিনয়ে মোকাবিলা করিনি। প্রতিদিন চিত্রনাট্য পড়ে দেখছি, অভিনয়ের কোন জায়গায় কী করা যায় দেখেছি।’

দীর্ঘ বিরতির পর ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে ওটিটির কাজে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। সিরিজ নির্মাণের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘সিরিজ নির্মাণের কাজটা একটু কঠিন। প্রতিটি পর্বের শেষে এমন কিছু থাকতে হয়, যাতে দর্শক পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করেন। গল্পেও বিভিন্ন স্তর থাকা প্রয়োজন। অবশেষে তেমন একটি গল্প পেয়েছি।’

সিরিজটিতে একের পর এক অপ্রত্যাশিত মোড় থাকবে বলে জানিয়েছেন নির্মাতা। ডার্ক কমেডি ঘরানার এ কাজের চ্যালেঞ্জ নিতে আগ্রহী বলেও জানান তিনি।

চিত্রনাট্যকার নাজিম উদ দৌলার দাবি, ‘ডাকাতিয়া বাঁশি’ প্রচলিত অর্থে থ্রিলার নয়। তবে গল্পের বিভিন্ন ঘটনা দর্শকদের চমকে দিতে পারে। এতে থাকবে বেশ কিছু অপ্রত্যাশিত মুহূর্ত।

 

মন্তব্য করুন