প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানা আজ (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানমণ্ডপে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তারা নতুন জীবনের শুরু করতে যাচ্ছেন। এ বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি শুভেচ্ছাবার্তা।
চিঠিতে মোদি বিজয়–রাশমিকার উভয় পরিবারকে বিয়ের শুভক্ষণে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, “বিজয় ও রাশমিকার বিয়ের আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। দেবরকোন্ডা এবং মন্দানা পরিবারকে এ আনন্দময় অনুষ্ঠান উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা।”
তিনি আরও উল্লেখ করেছেন,
“এটি বিজয় ও রাশমিকার জীবনের নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা। সাত ধাপ একসঙ্গে এগিয়ে যাওয়ার পর তারা জীবনের সঙ্গী ও বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকবে। বিজয় বা রাশমিকা চলচ্চিত্র জগতে নতুন নন, কিন্তু তাদের বাস্তব জীবনের এ নতুন অধ্যায় প্রেম, স্নেহ এবং বন্ধুত্বে ভরা, যা রূপালী পর্দার জাদুকে ছাপিয়ে যাবে।”
চিঠির শেষাংশে মোদি লিখেছেন,
“আগামী দিন, মাস ও বছরগুলো তাদের ভাগাভাগি করা স্বপ্ন এবং পরিপূর্ণতায় ভরে উঠুক। তারা একে অপরের শক্তি থেকে শিখবে, অপূর্ণতাকে আলিঙ্গন করবে এবং সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে দায়িত্ব ভাগাভাগি করে চলবে।”
দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি বিয়ের তারিখ ঘোষণা করেন রাশমিকা ও বিজয়। আজ উদয়পুরে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হচ্ছে। ভক্তদের প্রিয় নাম ‘বিরোশ’কে সম্মান জানিয়ে তারা সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
লিখেছেন,“কোনো পরিকল্পনার আগে ভক্তদের ভালোবাসাতেই তারা এক হয়ে গেছেন।”
বিয়ের আয়োজনে বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন তারকার উপস্থিতির খবর পাওয়া গেছে। জমকালো সজ্জা, ঐতিহ্যবাহী রাজস্থানি আবহ আর তারকাখচিত অতিথি তালিকায় বিয়েটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
রাশমিকা ও বিজয়ের সম্পর্কের খবর অনেক দিন ধরেই গণমাধ্যমে আলোচিত। ‘গীতা গোবিন্দম’, ‘সারকারু ভারি পাটা’সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করার পর তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছে। বিয়ের খবরে ভক্তরা আনন্দিত হলেও অনেকে বলছেন—এই জুটির স্ক্রিনে আবারও দেখা যাক।
আজকের এই বিশেষ দিনে রাশমিকা-বিজয় দম্পতিকে শুভকামনা রইল—নতুন জীবনের পথে সুখ, শান্তি ও ভালোবাসা সঙ্গী হোক।
মন্তব্য করুন