আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র-ইসরাইল অভূতপূর্ব শক্তিতে জবাব দেবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন,

“ইরান যদি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের ওপর হামলা চালায় তাহলে এর জবাব এমন শক্তি দিয়ে দেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি।”

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন,

“ইরান আজ খুব শক্তভাবে আঘাত হানার কথা বলেছে, যা তারা আগে কখনো করেনি। তারা যদি তা করে, আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা কখনো দেখা যায়নি।”

 

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইল ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ শুরু হতে চলেছে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

 

ইরান মধ্যপ্রাচ্যের ঠিক পাশের বিভিন্ন গালফ দেশ এবং অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এটি শুধু প্রতিশোধ নয়, বরং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাব।

 

পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। ইরানের পক্ষ থেকে আরও বড় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের এই হুঁশিয়ারি সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা এখন চরমে।

মন্তব্য করুন