প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বিএনপির প্রার্থীরা। আবেদনে এই দুই আসনের ভোট পুনর্গণনা চাওয়া হয়েছে।
রাজশাহী-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। অপরদিকে পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।
রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে দুই আসনের নির্বাচনি সরঞ্জামাদি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত। ১১ মে আবেদনগুলো শুনানির দিন রেখেছেন আদালত।
আদালতে বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেন। বিএনপির প্রার্থীরা ভোটের দিন থেকেই কারচুপি, ব্যালট পেপার ছিনতাই, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনিয়মের অভিযোগ করে আসছেন।
আবেদনকারীদের দাবি, ভোট পুনর্গণনা করলে ফলাফল উল্টে যাবে। আদালত নির্বাচনি সরঞ্জামাদি ইসিতে হেফাজতে রাখার নির্দেশ দেওয়ায় আগামী শুনানিতে এসব সরঞ্জামাদি পরীক্ষা করা হবে।
এই দুই আসনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিএনপি ও জামায়াতের মধ্যে এই আসনগুলো নিয়ে দ্বন্দ্বও লক্ষ্য করা যাচ্ছে। আদালতের পরবর্তী শুনানির দিন ১১ মে নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন