প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩৬ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানীর গুলিস্তানের মতিউর রহমান পার্ক এলাকায় যুবদলের তিন নেতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে এমদাদ পাটোয়ারী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এমদাদ পাটোয়ারী ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে মতিউর রহমান পার্কে এ ঘটনা ঘটে। হামলায় পল্টন থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জাফর খান মনা গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য দুজন হলেন মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ ও ওয়ারী থানা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ জায়েদ ডেভিড।
আবদুল্লাহ জায়েদ ডেভিডের অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর কাপ্তান বাজারের মুরগিপট্টি ও গুলিস্তান বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত এমদাদ পাটোয়ারী ও তাঁর সহযোগীরা। তাঁর দাবি, গুলিস্তানের জয়কালী মন্দির থেকে যাত্রাবাড়ী পর্যন্ত চলাচলকারী লেগুনা থেকেও প্রতিদিন নিয়মিত চাঁদা আদায় করা হয়।
ডেভিড জানান, মঙ্গলবার বিকেলে বন্ধু জাফর খান মনাসহ অন্যদের সঙ্গে দেখা করতে তাঁরা মতিউর রহমান পার্ক এলাকায় যান। এ সময় এমদাদ পাটোয়ারী ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
ডেভিডের ভাষ্য, হামলার সময় জাফর খান মনা আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। অতর্কিত মারধরে তার একটি হাত এবং একটি পা ভেঙে যায়। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার কারণ সম্পর্কে ডেভিডের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাঁরা চাঁদাবাজিতে বাধা দিতে এসেছেন—এমন সন্দেহ থেকেই তাঁদের ওপর হামলা চালিয়েছে এমদাদ গ্রুপ।
অভিযোগের বিষয়ে জানতে এমদাদ পাটোয়ারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। পাঁচ মিনিট পর কল ব্যাক করছি।’ তবে পরবর্তী সময়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন