প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) কেন্দ্র গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
বৈঠকে দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জাম্পারেল্লিও উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ছয়টি ফ্লাইট চালাচ্ছে। এই ফ্লাইটের সংখ্যা বাড়াতে ইতালি সরকার আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত।
জবাবে মন্ত্রী জানান, ইউরোপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধার কথা মাথায় রেখে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে।
বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতে ইতালির বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়। এমআরও কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রদূত ইতালির প্রতিষ্ঠান এজ কোম্পানি, এয়ারটেক এসপিএ ও জিলারডোনির অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
পর্যটন নিয়েও কথা হয় বৈঠকে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াত আরও সহজ ও আকর্ষণীয় করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া বিদেশি পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও উন্নত পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়টিও বৈঠকে উঠে আসে।
মন্তব্য করুন