মোঃ ইমাম হোসাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:২৯ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যৌথ হামলা চান নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা চান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসা হবে, নাকি দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হবে—এ নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যেই মতবিরোধ রয়েছে। প্রশাসনের একাংশ তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর পক্ষে। অন্যদিকে, আরেকটি অংশ ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান চালানোর পক্ষে অবস্থান নিয়েছে।

এদিকে, ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১৫ জানিয়েছে, ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক কর্মকর্তারা মনে করছেন, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এ আশঙ্কায় ইসরাইলের উত্তর সীমান্ত থেকেও সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইরানের পাশাপাশি হিজবুল্লাহর সম্ভাব্য হামলার বিষয়টিও বিবেচনায় রেখে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক পরিকল্পনা সাজাচ্ছে ইসরাইল।

তথ্য সূত্র: গালফ নিউজ।

 

মন্তব্য করুন