তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১১ পিএম

অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররম-কমলাপুরে খণ্ডিত দেহাংশ উদ্ধার, নরসিংদীর ওবায়দুল্লাহর বলে শনাক্ত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা হাত, স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ।

 

পরে আঙুলের ছাপের মাধ্যমে জানা গেছে, মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের খণ্ডিত অংশ এগুলো। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

 

গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি পা, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটা দুই হাত এবং দুপুরে কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ।

 

মতিঝিল থানার উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘শরীরের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। দেহের বাকি অংশ খোঁজ করা হচ্ছে। কে বা কারা খণ্ডিত অংশ ফেলে গেল, তাদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ দেখা হচ্ছে।’

 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অংশগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর নরসিংদীতে ওবায়দুল্লাহর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওবায়দুল্লাহ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি ঢাকায় ব্যবসা করতেন। পুলিশ বলছে, তাঁকে হত্যার পর দেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ধারণা।

 

মন্তব্য করুন