প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
টালিপাড়ার সুপারহিট জুটি দেব ও শুভশ্রীর প্রেমে পড়া থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত সবই একসময় আবেগাপ্লুত করেছিল তাঁদের ভক্ত-অনুরাগীদের। তাই দুজনকে আবার কাছাকাছি আসতে দেখে উত্তেজনা তুঙ্গে।
পুজোয় মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রীর সিনেমা ‘দেশু ৭’। একসময়ের পর্দার ও পর্দার বাইরের হিট জুটি তাঁরা। ছবিটি মুক্তির পর থেকে বাংলাজুড়ে আলোচনা চলছে।
খবরে বলা হয়েছে, ‘দেশু ৭’-এর প্রথম দিনের প্রথম শো-র পরই দেব ঘোষণা দেন, তিনি জিতের সঙ্গে সিনেমা করবেন। এ বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সিনেমাটি বড় বাজেটের হবে বলে জানানো হয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের পুজোতেই রুপালি পর্দায় একসঙ্গে আসতে পারেন দেব ও জিৎ।
ছবির ট্রেলার উন্মোচনের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে দেবকে বলতে শোনা যায়, ‘আমার পর যদি শুভশ্রীকে কারও সঙ্গে ভালো লাগে তাহলে সেটি জিৎ। অবশ্যই আমার পর, “সরি জিৎদা আই লাভ ইউ টু”।’ দেবের মুখে এ কথা শুনে লজ্জা পান শুভশ্রী গাঙ্গুলি।
পুরোনো প্রেমের দিনগুলো ‘দেশু ৭’ মুক্তির আগে যতই আলোচনায় আসুক, ব্যক্তিগত জীবনে দুজনেই অনেকটা এগিয়ে গেছেন। দেবের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা সম্পর্কে আছেন। দেবের বহু সিনেমার নায়িকাও হয়েছেন রুক্মিণী। অন্যদিকে দেবের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রীর জীবনে আসেন রাজ চক্রবর্তী। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। বর্তমানে এই তারকা দম্পতি দুই সন্তানের বাবা-মা।
‘দেশু ৭’ মুক্তির আগে এমন খবরও ছড়ায় যে, দেবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নাকি ভাঙতে বসেছে শুভশ্রীর সংসার। সেই জল্পনার জবাব দেন রাজ চক্রবর্তী নিজেই। ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে তিনি শুভশ্রীকে শুভেচ্ছা জানান। ক্যাপশনে লেখেন, তাঁদের গোটা সংসারকে যিনি বেঁধে ও আগলে রেখেছেন, তিনি তাঁর সন্তানদের মা, অর্থাৎ ‘দেশু ৭’-এর নায়িকা।
সূত্র: মিলেনিয়াম পোস্ট, ফিল্মিবিট
মন্তব্য করুন