বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:১৪ পিএম

অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা অবস্থাতেও সকালের রুটিন বজায় রেখেছেন সামান্থা, কী আছে তাতে

দিনের শুরুটা কেমন হচ্ছে, তার প্রভাব পড়তে পারে সারাদিনের মেজাজে। কাজের চাপ, ব্যস্ততা আর নানা দুশ্চিন্তার মধ্যে নিজের জন্য একটু সময় বের করাও অনেকের কাছে কঠিন। কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রতিদিনের কয়েকটি ছোট অভ্যাস তাঁকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও এসব অভ্যাস বজায় রেখে চলেছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের সকালের তিনটি অভ্যাসের কথা জানিয়েছেন অভিনেত্রী।

সামান্থা বলেন, ‘সকালের রুটিনে খাদ্যতালিকায় ১০০ পদের খাবার থাকতে পারে, কিন্তু আমার জন্য বিশেষ কিছু নিয়ম বাধ্যতামূলক। যেখানেই থাকি না কেন, এই রুটিন ভাঙি না কখনো।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন সকালে আধাঘণ্টা থেকে এক ঘণ্টার মতো সময় নিই। আমার মন, স্নায়ুতন্ত্র— সবকিছুকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এ সময়টুকু। যদি আমায় দেখে মনে হয়, আমি ১০০টা কাজ করতে পারছি, তার নেপথ্যে সকালের ওই রুটিন। তারই কৃতিত্ব রয়েছে। তার জোরেই আমি সারাদিন ভালো থাকার চেষ্টা করি।’

সামান্থার সকালের রুটিন যেমন:

এক পাতার জার্নাল লেখা: সামান্থার সকাল শুরু হয় কৃতজ্ঞতা জানিয়ে। প্রতিদিন যেসব বিষয়ের জন্য তিনি কৃতজ্ঞ বোধ করেন, সেগুলো খাতার একটি পাতায় লিখে রাখেন। প্রথম দিকে এ অভ্যাস তাঁর কাছে সহজ ছিল না। জীবনের একটি কঠিন সময়ে একজনের পরামর্শে ডায়েরি লেখা শুরু করেছিলেন তিনি। তখন মানসিকভাবে ভালো না থাকায় ইতিবাচক কিছু খুঁজে লেখা বেশ কঠিন মনে হতো। প্রথম কয়েক মাস অভ্যাসটি ধরে রাখতেও কষ্ট হয়েছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। অভিনেত্রী বলেন, শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠার আগেই তিনি মানসিকভাবে সুস্থ বোধ করতে শুরু করেছিলেন। এখন ব্যস্ততা যতই থাকুক, এ অভ্যাস থেকে বিরতি নিতে চান না তিনি।

রোদে সময় কাটানো: ডায়েরি লেখার পর সামান্থা কিছুক্ষণ সকালের রোদে সময় কাটান। দিনের শুরুতে প্রাকৃতিক আলো শরীরের জৈবিক ঘড়ি, অর্থাৎ ঘুম-জাগরণের ছন্দ বজায় রাখতে সাহায্য করে। তবে কতক্ষণ রোদে থাকা দরকার, তা ঋতু, ত্বকের ধরন ও সূর্যালোকের তীব্রতার ওপর নির্ভর করে। তাই দীর্ঘক্ষণ কড়া রোদে থাকার প্রয়োজন নেই।

ধ্যান: সামান্থার সকালের রুটিনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ধ্যান। ডায়েরি লেখা ও রোদে সময় কাটানোর পাশাপাশি ধ্যানের জন্যও সময় রাখেন তিনি। তিনি বলেন, এসব অভ্যাস তাঁকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় দেন তিনি এই রুটিনে। কোথায় আছেন কিংবা কতটা ব্যস্ত, তা নির্বিশেষে অভ্যাসগুলো বজায় রাখার চেষ্টা করেন অভিনেত্রী।

সূত্র: নিউজ কর্ণাটক

মন্তব্য করুন