প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ
গ্ল্যামার জগতের ঝলমলে জীবনের আড়ালে নিজের মানসিক টানাপোড়েন ও সংগ্রামের কথা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর জীবনের সংবেদনশীল ও ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন, যা দ্রুত আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
নোরা স্পষ্টভাবেই স্বীকার করেছেন যে তাঁর ‘ড্যাডি ইস্যু’ রয়েছে। তিনি জানান, ছোটবেলাতেই তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয় এবং এরপর থেকে বাবার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। বাবার এই অনুপস্থিতি তাঁর মনে পুরুষদের প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি করেছিল। নোরা বিষয়টিকে এড়িয়ে না গিয়ে বরং সাহসের সঙ্গে স্বীকার করেছেন যে, তাঁর জীবনের এই সমস্যার মূলে রয়েছে এক পুরুষের (বাবা) অনুপস্থিতি।
নিজের মানসিক অবস্থার আরও গভীরে গিয়ে নোরা ‘অ্যাবানডনমেন্ট ইস্যু’ নিয়ে কথা বলেন। তিনি জানান, একা হয়ে যাওয়ার ভয় তাঁর মনে এতটাই প্রবল ছিল যে, অনেক সময় তিক্ত বা খারাপ সম্পর্ক থেকেও তিনি বেরিয়ে আসতে পারতেন না। নোরার মতে, স্রেফ একা থাকার ভয়ে ভুল মানুষের সঙ্গে থাকা কখনোই সুখকর হতে পারে না। তিনি মনে করেন, কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়।
রক্ষণশীল পারিবারিক পরিবেশ এবং গ্ল্যামার জগতের আধুনিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা নোরার জন্য কঠিন ছিল। এই দ্বন্দ্বে একসময় তিনি তীব্র মানসিক চাপে ভুগেছেন। তবে এই কঠিন সময়ে তাঁর সবচেয়ে বড় আশ্রয় ছিলেন তাঁর মা। নোরা তাঁর মাকেই জীবনের ‘আসল হিরো’ হিসেবে অভিহিত করেছেন।
বর্তমানে নোরা এই মানসিক জটিলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তিনি অন্যদের পরামর্শ দিয়ে বলেন, নিজের ভেতরের না-বলা কষ্ট ও সমস্যাগুলোকে আগে চিহ্নিত করা জরুরি। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া এবং নিজেকে সময় দেওয়া সার্থক জীবনের জন্য অপরিহার্য। নোরার এই বার্তা স্পষ্ট—সুন্দর সম্পর্ক গড়তে হলে আগে নিজের ভেতরের ক্ষতগুলোকে সারিয়ে তুলতে হবে।
মন্তব্য করুন