প্রকাশিত: ১১ মিনিট আগে, ১১:০৮ এ এম
অনলাইন সংস্করণ
মজুরি বোর্ডের বৈঠক চলাকালেও বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেছেন শিল্পকারখানার শ্রমিকরা। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের বাঘের বাজার, মেম্বারবাড়ি, ভবানীপুর এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার কিছু পর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে থেমে থেমে মেম্বারবাড়ি ও ভবানীপুর এলাকার সড়ক অবরোধ করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে প্রায় ৩০ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশকে দেখামাত্রই শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এর আগে সোমবার সকালে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
মন্তব্য করুন