বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বার, ২০২৬, ১১:১১ এ এম

অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার নাইন আর্চ ব্রিজে ঘুরে বেড়াচ্ছেন প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন। অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রী ভ্রমণের প্রতি নিজের ভালোবাসা থেকে দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিখ্যাত নাইন আর্চ ব্রিজে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে কালো পোশাক ও কালো সানগ্লাসে দেখা যায় তাঁকে। প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা নাইন আর্চ ব্রিজের ওপর বসে, দাঁড়িয়ে এবং সেতুটিকে পেছনে রেখে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন অভিনেত্রী।

শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক এই সেতু। দেশটির অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ এটি।

একটি সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় বেড়াতে যান প্রভা। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিওবার্তা প্রকাশ করে একা ভ্রমণের অভিজ্ঞতার কথা জানান তিনি।

সেই ভিডিওবার্তায় প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে— একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কীভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এ রকম হয়। আর আমার বন্ধুগুলো একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তা ছাড়া ১০০ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’

দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো প্রভার জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে ভ্রমণ। কখনো পরিবার, কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই অচেনা গন্তব্যে ছুটে যান তিনি। সামাজিক মাধ্যমেও ভ্রমণের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

 

মন্তব্য করুন