প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
অনলাইনে চটকদার ও বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার এবং অপসাংবাদিকতার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর অভিযোগ, মূল ঘটনা আড়াল করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে এ ধরনের চর্চা দিন দিন বাড়ছে।
নিজেকে সাংবাদিকতার শিক্ষার্থী উল্লেখ করে দীঘি বলেন, সাংবাদিকতার প্রথম নীতিই হলো কাউকে হেয় বা ক্ষতিগ্রস্ত করে প্রশ্ন না করা। অথচ এখন চটকদার ক্যাপশন ও সংবেদনশীল শিরোনামের মাধ্যমে খবরের মূল বক্তব্য বদলে দেওয়া হচ্ছে।
গণমাধ্যমের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, তাঁর নানা সাংবাদিক ছিলেন। প্রয়াত মায়েরও অনেক সাংবাদিক বন্ধু ছিলেন। নিকটজনদের অনেকেই এ পেশায় যুক্ত। তাই সাংবাদিকতার নামে বর্তমানের অপেশাদার চর্চা তাঁকে কষ্ট দেয়।
দীঘির অভিযোগ, এখন নিয়মনীতি না মেনে শুধু মুঠোফোনে ধারণ করা ভিডিও দিয়ে চটকদার বিষয়বস্তু তৈরি করা হচ্ছে। দর্শকসংখ্যা বাড়াতে সাক্ষাৎকারের অপ্রাসঙ্গিক অংশ কেটে বিভ্রান্তিকর ক্যাপশন দেওয়া হচ্ছে, যা পাঠক ও দর্শকদের ভুল ধারণা দিচ্ছে।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে পর্দায় আসেন দীঘি। ২০১২ সাল পর্যন্ত ৩৬টি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর পড়াশোনার জন্য বিরতি নিয়ে নায়িকা হিসেবে ফেরেন। গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। বর্তমানে তাঁর অভিনীত ‘বিদায়’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন