প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি, প্রশাসনিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ট্রাম্পের একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় যুদ্ধ ও বিশৃঙ্খলার মুখে পড়তে হচ্ছে।
শনিবার ওহাইও অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের সমর্থনে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন ওবামা। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেন।
ওবামা বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট পরপর বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়াকে বেছে নিয়েছেন।’ যুদ্ধের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, তিনি একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন, যা কেউ চায়নি।’
ওহাইওর ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, আধুনিক যুগে এমন বিশৃঙ্খলা, নির্মমতা, দুর্নীতি আর অক্ষমতা তাঁরা কখনো দেখেননি। টানা দুই বছরের পরিস্থিতির পর ভোটারদের সামনে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রচারণায় ওহাইওর গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি বিজ্ঞাপন নিয়েও কথা বলেন ওবামা। বিজ্ঞাপনটিতে অ্যাকটনের শৈশবের অভিজ্ঞতা নিয়ে তাঁর মায়ের বক্তব্য তুলে ধরা হয়েছিল।
রামাস্বামীর সমালোচনা করে ওবামা বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখেছি, রাজনীতিতে তিনি পার হননি এমন কোনো সীমা নেই, নামেননি এমন কোনো নিচু পর্যায়ও নেই। আমাদের আচরণের মানদণ্ড কতটা নিচে নেমে গেছে যে একজন ব্যক্তি এমন একটি বিজ্ঞাপন চালাতে পারে, তা আমার বোধগম্য নয়।’
বিতর্কিত বিজ্ঞাপনটিতে অ্যাকটনের মা ডোনা আর্থার দাবি করেন, শৈশবে তাঁর মেয়ে গৃহহীন হয়ে পড়া এবং সৎবাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার যে ঘটনা বলে আসছেন, তা ভিত্তিহীন। বিজ্ঞাপনটিতে তিনি ওহাইওর ভোটারদের মেয়েকে ভোট না দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, অ্যাকটন জানিয়েছেন, ১৯৭৮ সালের পর থেকে মায়ের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ নেই। তাঁর ভাইও শৈশবে সৎবাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগের সত্যতা সমর্থন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০০৪ সালে মারা যাওয়া ওই সৎবাবার বিরুদ্ধে সে সময় ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল।
অ্যাকটনের পাশে দাঁড়িয়ে ওবামা বলেন, ‘নিজের বেদনাদায়ক শৈশব এবং যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে তিনি গেছেন—যেমন নির্যাতন, অবহেলা ও গৃহহীনতা—সেসব নিয়ে অত্যন্ত আবেগঘন ও সাবলীলভাবে কথা বলেছেন অ্যামি।’
প্রচারণামঞ্চে ওবামা ও অ্যাকটনের সঙ্গে উপস্থিত ছিলেন ওহাইওর সাবেক ডেমোক্র্যাটিক সিনেটর শেরড ব্রাউন। তিনি বর্তমান রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের বিরুদ্ধে পুনর্নির্বাচনের লড়াইয়ে নেমেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা জনমত জরিপ অনুযায়ী, ওহাইওর দুটি আসনেই ডেমোক্র্যাট প্রার্থীরা সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে নির্বাচন দুটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন