প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
ধর্মীয় উৎসবে অংশ নেওয়া, সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা-পলা পরা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরত জাহান। এবার সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেছেন, উৎসব সবার। অন্য ধর্মের উৎসবে বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে অংশ নিলে কাউকে কেন জবাবদিহি করতে হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
দুর্গাপূজার বিজয়া দশমীতে লাল পাড়ের সাদা শাড়ি পরে উমাবরণে অংশ নেন নুসরত। এ সময় তার হাতে শাঁখা-পলা ও সিঁথিতে সিঁদুর দেখা যায়। তবে উৎসবের সেই মুহূর্ত ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। একাংশ প্রশ্ন তোলে, মুসলিম পরিবারের সন্তান হয়েও কেন তিনি হিন্দু বিবাহিত নারীর সাজে সাজেন এবং দুর্গাপূজার বিভিন্ন রীতিতে অংশ নেন।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন নুসরত। তিনি জানান, অনেকে তাকে মনে করিয়ে দেন যে তিনি ‘জাহান’। তবে এসব মন্তব্যের জবাব তিনি কখনো দেননি।
অভিনেত্রীর বক্তব্য, অন্য ধর্মের হয়েও যারা নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে দেবীর আরাধনা করেন এবং সিঁদুর খেলায় অংশ নেন, তাদেরও এ নিয়ে জবাবদিহি করতে বলা উচিত নয়। কারণ, এটি একান্তই ব্যক্তিগত পছন্দ ও বিশ্বাসের বিষয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে করা বিভিন্ন মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নুসরত। তার মতে, নিজের ধর্ম সম্পর্কে সবকিছু জানেন বলে যারা মনে করেন, অন্যের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে মন্তব্য করার আগে তাদের ভাবা উচিত। নিজের বিশ্বাস নিজের কাছে রেখে প্রত্যেককে নিজের মতো ভালো থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ধর্মীয় উৎসবে অংশ নেওয়া নিয়ে এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন নুসরত। শাঁখা পরা, সিঁদুর ব্যবহার কিংবা হিন্দু ধর্মীয় আচার পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেই তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তবে এসব সমালোচনা উপেক্ষা করে নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করে আসছেন তিনি।
দুর্গাপূজার পাশাপাশি নিজের বাড়িতে জন্মাষ্টমী, শিবরাত্রি ও দীপাবলির মতো উৎসবও পালন করেন নুসরত। তার এই অবস্থান নিয়ে যেমন প্রশংসা রয়েছে, তেমনি সমালোচনাও অব্যাহত।
মন্তব্য করুন