প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে প্রেস ক্লাবে পদত্যাগের ঘোষণা দিতে যাওয়ার সময় তিনি গাড়ি থেকে স্টিকার খোলেন।
এ সময় গণমাধ্যমকে ইশরাক বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি।’ তিনি আরও বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
গত শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশে একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ইশরাক অস্ত্র হাতে মাদকাসক্ত ও বিক্রেতাদের তাড়া করছেন। পরে তীব্র সমালোচনা শুরু হলে তাঁর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী ঘটনার ব্যাখ্যা দেন।
ওই বিবৃতিতে তিনি জানান, শনিবার ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে তাঁর নিরাপত্তাঝুঁকি এবং মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণ করতে পারে, এমন আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘এমতাবস্থায় সুনির্দিষ্ট হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তায় আমি এবং আমার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি।’
ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে খবর প্রকাশিত হয়। তবে তাৎক্ষণিক বিবৃতিতে ইশরাক জানান, এ ধরনের সংবাদ সর্বৈব মিথ্যা। সোমবার সকালে তিনি জানান, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
মন্তব্য করুন