তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪৪ মিনিট আগে, ০৫:৩০ পিএম

অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে। এর মধ্যে শুধু চলতি অক্টোবরেই মারা গেছেন ৮৬ জন। এর আগে সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ওই মাসে প্রাণ হারান ১৪৮ জন।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭৭ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভর্তি হয়েছেন ২৩৮ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্য হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৪৩২ জন।

অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, রাজশাহীতে ২৩০ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ১০০ জন, রংপুরে ৭০ জন ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় সর্বোচ্চ ৪ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি এলাকায় ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন ও ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

বুলেটিন অনুযায়ী, একই সময়ে ১ হাজার ৮০৩ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে ১ লাখ ১ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছেন।

মন্তব্য করুন