প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ
উচ্চ আদালতের নির্দেশ মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বুধবার রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খানের স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২ মে।
এর আগে গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর ইসির সংশ্লিষ্ট শাখায় মনোনয়নপত্র জমা দিলে রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। ফলে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। পরে তিনি হাইকোর্টের শরণাপন্ন হন এবং সোমবার আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে ইসিকে নির্দেশ দেয়।
এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে শূন্য আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা সমান থাকায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা পেয়েছেন।
বিএনপির পক্ষ থেকে নির্বাচিতরা হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন জুঁই। জামায়াত জোটের নির্বাচিত প্রার্থীরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম। নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলে প্রতিদ্বন্দ্বিতা এড়াতে জোটগুলোর মধ্যকার সমীকরণ পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
মন্তব্য করুন