প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ‘বয়ফ্রেন্ড অব ডিমান্ড’ সিরিজের ক্রেডিট তালিকা থেকে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসুর বড় ভাইয়ের নাম সরিয়ে দেওয়া হয়েছে। পরিবারের এক সদস্যকে কেন্দ্র করে ওঠা সাম্প্রতিক বিতর্কের জেরে জিসু নিজের অবস্থান পরিষ্কার করার পরপরই এই ঘটনাটি জনসমক্ষে আসে।
এই মাসের শুরুতে যৌন হয়রানির অভিযোগে সিউল পুলিশ ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি জিসুর ভাই এবং তাঁর ব্যক্তিগত সংস্থা ‘ব্লিসু’-এর সঙ্গে যুক্ত বলে অনলাইনে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে জিসুর আইনজীবী এক বিবৃতিতে জানান যে, এই ঘটনার সঙ্গে জিসু বা তাঁর প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। তিনি আরও স্পষ্ট করেন যে, পরিবারের কোনো সদস্য কখনোই কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে যুক্ত ছিলেন না এবং কোনো আর্থিক সুবিধা বা পারিশ্রমিক গ্রহণ করেননি।
বিতর্কটি দানা বাঁধার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় নেটফ্লিক্স সিরিজের ক্রেডিট লাইন থেকে জিসুর ভাইয়ের নাম বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিরিজের প্রযোজনা সংস্থা একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের ভাষ্যমতে, বিতর্কিত ঘটনার কারণে নয় বরং শুরুর তালিকায় একটি অনিচ্ছাকৃত ভুল থাকার কারণে তা সংশোধন করা হয়েছে।
কে-পপ বিশ্বে জিসু এক অপ্রতিদ্বন্দ্বী নাম। ২০১৬ সালে ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে অভিষেক হওয়া এই তারকা বর্তমানে তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘ব্লিসু’-এর অধীনে একক ক্যারিয়ার পরিচালনা করছেন। সংগীতের পাশাপাশি অভিনয় ও বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের দূত হিসেবে তাঁর বিশাল বৈশ্বিক পরিচিতির কারণেই এই পারিবারিক বিতর্কটি আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে। জিসুর পক্ষ থেকে দ্রুত আইনি পদক্ষেপ ও সংশ্লিষ্টতা অস্বীকারের বিষয়টি তাঁর ভক্তদের মাঝে স্বস্তি দিলেও নেটফ্লিক্সের ক্রেডিট সংশোধন নিয়ে আলোচনা এখনো থামেনি।
মন্তব্য করুন