প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ
চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দ্বীন ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মজুমদার বাড়ির জামাল ও কামাল তাকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করিয়ে আসছে। এছাড়া, ঘটনার দিন সে তারালিয়া গ্রামের সুজন নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ফিরছিল।
অভিযোগ রয়েছে, জামাল ও কামাল প্রায় দুই দশক ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। তারা আড়ালে থেকে স্থানীয় তরুণদের ব্যবহার করে মাদক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সম্প্রতি মাদকের বিরুদ্ধে এলাকায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের মতে, মাদকের বিস্তারের ফলে এলাকায় চুরি ও ডাকাতির মতো অপরাধের হারও উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।
মন্তব্য করুন