প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ক্রীড়াজগতের অস্কার হিসেবে পরিচিত মর্যাদাপূর্ণ ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’-এর ২০২৬ আসরে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই তিনি বছরের সেরা উদীয়মান তরুণ ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন। ফুটবলের ময়দানে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে অভাবনীয় পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই বিশ্বসেরা সম্মাননা পেলেন তিনি।
পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে ইয়ামাল তার আদর্শ ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “সেরা তরুণ ক্রীড়াবিদ হিসেবে এই পুরস্কার পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। মেসি কেবল ফুটবলের নন, বরং গোটা ক্রীড়াবিশ্বের একজন আইকন। শৈশব থেকেই তাকে দেখে অনুপ্রাণিত হয়েছি এবং ভবিষ্যতে তার পথ অনুসরণ করার ইচ্ছা রাখি।” উল্লেখ্য, ইয়ামালই প্রথম ফুটবলার যিনি ২০২৫ সালে ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ জেতার পর টানা দ্বিতীয় বছর লরিয়াসে স্বীকৃতি পেলেন।
চলতি মৌসুমে ইয়ামাল নিজেকে আধুনিক ফুটবল বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ—এই ঘরোয়া ট্রেবল অর্জনে তার ভূমিকা ছিল অনবদ্য। এছাড়া ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন এই তরুণ তুর্কি।
মেসির সঙ্গে তুলনা প্রসঙ্গে ইয়ামাল জানান, তিনি এটিকে চাপ হিসেবে নয় বরং অনুপ্রেরণা হিসেবে দেখেন। তার মতে, মেসি ইতিহাসের সেরা খেলোয়াড় এবং তার মতো উচ্চতায় পৌঁছানোই এখন ইয়ামালের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এই তরুণ উইঙ্গার বলেন, “ক্রীড়া শুধু ব্যক্তিগত সাফল্যের ক্ষেত্র নয়, এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এক মহাশক্তি। এই পুরস্কার নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করে।” বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে শীর্ষে রাখার পাশাপাশি আসন্ন বিশ্বকাপে স্পেন দলের প্রধান আক্রমণভাগ সামলানোর গুরুদায়িত্বও তার কাঁধেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।
মন্তব্য করুন