বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

অন্যের ক্ষতি যেন না হয়, সেই চিন্তায় পোড়া পিঠ নিয়েই কাজে হাজির অভিনেত্রী

১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা শিল্পা শেঠি তিন দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা তাঁর অদম্য পেশাদারত্বের পরিচয় দেয়।

‘টুমরো, টুডে শো’-তে আলাপকালে শিল্পা জানান, একবার শুটিং চলাকালীন একটি দৃশ্যে ফ্রেমের বাইরে যাওয়ার সময় পেছনে থাকা অত্যন্ত শক্তিশালী এইচএমআই (HMI) লাইটে লেগে তাঁর পিঠ গুরুতরভাবে পুড়ে যায়। ঘটনার তাৎক্ষণিকতায় উত্তাপ অনুভব করলেও পোড়ার গভীরতা তিনি বুঝতে পেরেছিলেন আরও পরে, যখন তীব্র জ্বালা শুরু হয়।

পরদিন পিঠের ক্ষত নিয়ে কাজ করা অসম্ভব হলেও শিল্পা শুটিং সেটে উপস্থিত হন। ক্ষতের কারণে স্বাভাবিকভাবে পোশাকের চেইন লাগানো সম্ভব ছিল না। ফলে তিনি পোশাকটি সামনে থেকে পরে পেছনে সুতা দিয়ে সেলাই করে নিতে বলেন, যাতে চেইন লাগানোর চাপ পিঠে না পড়ে। শিল্পার মতে, তিনি চেয়েছিলেন তাঁর কারণে যেন শুটিং ইউনিটের কারো ক্ষতি বা সময়ের অপচয় না হয়।

সাক্ষাৎকারে শিল্পা জোর দিয়ে বলেন যে, কেবল ভাগ্যের জোরে নয় বরং মানুষের কাছে তাঁর কঠোর পরিশ্রমী ভাবমূর্তির কারণেই তিনি বারবার বড় কাজের সুযোগ পেয়েছেন। পরিস্থিতি যাই হোক না কেন, কর্মক্ষেত্রে সময়মতো উপস্থিতি এবং নিজের সেরাটা দেওয়ার মানসিকতাই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

শিল্পা শেঠিকে সর্বশেষ রোহিত শেঠির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা গেছে। বর্তমানে তিনি তাঁর বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্তসহ আরও অনেক তারকা। তাঁর এই নতুন সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মন্তব্য করুন