তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:২৮ এ এম

অনলাইন সংস্করণ

লন্ডনে বাংলাদেশ–যুক্তরাজ্য বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আলোচনা

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার (৯ মার্চ) লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট এমপির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ চলতি মাসের শেষদিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে পারস্পরিক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের বাণিজ্য দূত ডনকাস্টারের ব্যারোনেস রোজি উইন্টারটন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদল দেশের বিমান চলাচল খাতকে আরও এগিয়ে নিতে এ বিষয়ে অতিরিক্ত দুটি পৃথক বৈঠকও করেছে বলে জানা গেছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালতের ২০২৭ থেকে ২০৩৬ মেয়াদের বিচারপতি পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ডাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতার বিষয়টি উপস্থাপন করেন।

এ সময় উভয় পক্ষ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চ ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতার প্রতি সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে দুই দেশের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও গভীর করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।

 

মন্তব্য করুন