প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেছেন, বিএনপির কিছু ধান্ধাবাজ ও তদবিরবাজ ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে; কোনোভাবেই এদের প্রশ্রয় দেওয়া যাবে না।
শনিবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সব সরকারি কর্মকর্তার সঙ্গে প্রথম মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলার কোন দপ্তরে কী কী সমস্যা রয়েছে—তা আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তাঁর প্রতিনিধি হিসেবে আমাকে জেলার সমস্যাগুলো নিয়ে কথা বলতে নির্দেশ দিয়েছেন।”
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, “বগুড়ার মানুষ ভোট দিয়ে সাতটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করেছে এবং সরকার গঠনে সহায়তা করেছে। সে কারণে বগুড়ায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা যেন না হয়—সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন। তিনি স্পষ্ট করে বলেন, পরিবার নির্ধারণের কাজ সরকারি কর্মকর্তারাই বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করবেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন