প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে।
জানা গেছে, প্রণব ভার্মার সঙ্গে এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও নিরাপত্তা ইস্যুগুলো এই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভারত বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিবেশী ও বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা, ভিসা নীতি ও আইটি সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।
এই বৈঠককে দুই দেশের মধ্যে নতুন সরকারের আমলে সম্পর্কের ধারাবাহিকতা ও নিরাপত্তা ইস্যুতে আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের পর কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, আলোচনা ছিল ইতিবাচক ও ফলপ্রসূ।
মন্তব্য করুন