আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১২:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ: লাল রেখা অতিক্রমের মূল্য যুক্তরাষ্ট্র-ইসরাইলকে দিতে হবে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের চালানো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগহার গালিবাফ। তিনি বলেন, তারা ইরানের ‘লাল রেখা’ অতিক্রম করেছে।

 

রোববার (১ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গালিবাফ এ মন্তব্য করেন। শনিবার থেকে হামলা শুরুর পর তিনিই সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে ক্যামেরার সামনে হাজির হন।

 

গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের ‘অশুভ অপরাধী’ আখ্যা দিয়ে বলেছেন,

“ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চলমান হামলার জন্য তারা ‘ধ্বংসাত্মক আঘাতের’ মুখোমুখি হবে। তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ, এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব, শেষ পর্যন্ত তোমরাই করুণা ভিক্ষা করতে বাধ্য হবে।”

 

গত শনিবার থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা চলছে। এতে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৪৮ স্কুলছাত্রী নিহত এবং ৯৫ জন আহত হয়েছে। এছাড়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে।

 

ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলা চলছে। গালিবাফের এই ভাষণকে ইরানের সরকারি অবস্থানের সবচেয়ে কঠোর প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের প্রতিক্রিয়া আরও বড় ও ধ্বংসাত্মক হবে।

 

পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। ইরানের পক্ষ থেকে আরও বড় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ বাড়াচ্ছে।

মন্তব্য করুন