প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ
দেশের শোবিজ অঙ্গনে পরিচিত নাম পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী—তিন পরিচয়েই জনপ্রিয় তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী আলোচিত ব্যারিস্টার সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন পিয়া।
এই মডেল এবার তার সহকর্মীকে নিয়ে লিখলেন ফেসবুকে। সুমনের প্রশংসা করে তার মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন।
পিয়া তার স্ট্যাটাসে লিখেছেন,
“যে মানুষটি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন, আজ তিনি নিজেই জামিন প্রার্থনা করছেন; সময়ের এটি নির্মম পরিহাস। কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন—সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একজন মানুষের মূল দর্শন, তার সততা, তার উদ্দেশ্য—সেগুলোই হওয়া উচিত আমাদের মূল্যায়নের আসল মানদণ্ড।”
স্ট্যাটাসে অভিনেত্রী-আইনজীবী আরও বলেন,
“কোনো মামলা যদি হয়রানিমূলক হয়ে থাকে, তা যেন ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা হয়ে দ্রুত নিষ্পত্তি হয়। পাশাপাশি বাংলাদেশের উন্নতির জন্য ব্যারিস্টার সুমনের মতো মানুষের সংখ্যা বাড়ুক—এই কামনাও ব্যক্ত করেন তিনি।”
পিয়া জান্নাতুল ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করার সময় থেকেই তার আইনি লড়াই ও সততার প্রশংসা করে আসছেন। সম্প্রতি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আইনি জটিলতা নিয়ে আলোচনা চলছে। পিয়ার এই পোস্টকে অনেকে তার সাবেক সহকর্মীর প্রতি সহানুভূতি ও সমর্থন হিসেবে দেখছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকে তার সাহসী বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বলছেন—এটি রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। পিয়া জান্নাতুলের এই পোস্ট ব্যারিস্টার সুমনের মামলার বিষয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
মন্তব্য করুন