তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৪ পিএম

অনলাইন সংস্করণ

রমজানে নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে ১০০ চাঁদাবাজ-কিশোর গ্যাং আটক

চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ সাঁড়াশি অভিযানে গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে অন্তত ১০০ জনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, এ বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে পুলিশ গতকাল রাত ১০টার দিকে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালায়। রাত দুইটা পর্যন্ত অভিযান চলে।

 

চার ঘণ্টা ধরে চলা এ অভিযানে ১০০ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়। উপকমিশনার ছাড়াও মোহাম্মদপুর অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানে অংশ নেন।

 

অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা বলেন, পবিত্র রমজান মাসে যাতে মানুষ নিরাপদে সিয়াম পালন এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে পারে তা নিশ্চিত করতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

 

অভিযান শেষে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

রমজান মাসে রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বেড়ে যাওয়ার অভিযোগ উঠছে। বিশেষ করে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর ও ধানমন্ডির মতো এলাকায় এসব অপরাধ বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশের এই অভিযানকে অনেকে রমজানের নিরাপত্তা নিশ্চিত করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

 

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান রমজানজুড়ে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন