তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ০৯:২২ এ এম

অনলাইন সংস্করণ

‘অত্যন্ত বেদনাদায়ক’—খালিদীর মৃত্যু নিয়ে কী বলল হেফাজত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান। অনলাইন সাংবাদিকতার প্রসারে খালিদীর ভূমিকার প্রশংসাও করেছে সংগঠনটি।

শনিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকের কথা জানানো হয়।

শোকবার্তায় সাজিদুর রহমান বলেন, “জ্যেষ্ঠ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক ইন্তেকালের সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশে ডিজিটাল ও বস্তুনিষ্ঠ অনলাইন সাংবাদিকতার সূচনা এবং এর প্রসারে তার ভূমিকা প্রশংসনীয়।

“সাংবাদিকতায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ পেশাগত জীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

শোকবার্তায় তৌফিক ইমরোজ খালিদীর পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সাজিদুর রহমান দোয়া করে বলেন, “মহান আল্লাহ তাআ'লা যেন তাদের এই শোক সহ্য করার শক্তি ও সবর দান করেন।”

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা যেন মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে স্বীয় রহমতের ছায়ায় আশ্রয় দান করেন।”

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মন্তব্য করুন